রাসায়নিক বিক্রিয়া-শঙ্কু 

রাসায়নিক বিক্রিয়া-শঙ্কু 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ আগষ্ট, ২০২৬

দুটি অণু বা পরমাণু একে অপরের সঙ্গে ধাক্কা খেলেই রাসায়নিক বিক্রিয়া হয় না। কোথায়, কোন দিক থেকে এবং কীভাবে তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তার উপরও বিক্রিয়ার সাফল্য নির্ভর করে। অস্ট্রিয়ার গ্রাৎস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একক অণুর সংঘর্ষ পর্যবেক্ষণ করে দেখেছেন, ঠিক কোন ধরনের সংঘর্ষে রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়ার জন্য অণুগুলির মুখোমুখি হওয়ার একটি উপযুক্ত বিন্যাস দরকার। সংঘর্ষের স্থান সামান্য এদিক-ওদিক হলেই, অথবা অণুগুলির অভিমুখ ঠিক না থাকলে, বিক্রিয়া নাও হতে পারে। এরকম বিক্রিয়া আসলে একটি নির্দিষ্ট ‘বিক্রিয়া- শঙ্কু’র মধ্যে ঘটে। অর্থাৎ, অণুগুলিকে নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট কোণে একে অপরের সংস্পর্শে আসতে হবে। এই বিষয়টি পরীক্ষা করতে গবেষকরা ব্যবহার করেন স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। একটি তামার পৃষ্ঠের উপর বিশেষভাবে আটকে রাখা হয় BTFyl নামের একটি অণু। তারপর CF₂ নামের আরেকটি অণুকে বিভিন্ন দিক থেকে সরাসরি ঐ অণুর দিকে পাঠানো হয়। এভাবে গবেষকরা সংঘর্ষের স্থান ও দিক নিয়ন্ত্রণ করতে পারেন। দেখা গেল, ৭৯টি সংঘর্ষের মধ্যে মাত্র ৬টিতে রাসায়নিক বিক্রিয়া ঘটল। CF₂ অণু যখন BTFyl-এর সঙ্গে যুক্ত তামার একই সারি বরাবর এগিয়ে আসে, তখন বিক্রিয়ার সম্ভাবনা বেশি। আবার দুই অণুর অভিমুখের পার্থক্য ১৫ ডিগ্রির বেশি হলে কোনও বিক্রিয়াই ঘটেনি। গবেষকদের মতে, এই ফল রাসায়নিক বিক্রিয়াকে বোঝার ক্ষেত্রে নতুন এক দিক খুলে দিচ্ছে। শুধু অণু দুটি কোথায় ধাক্কা খেল, সেটাই নয়, কোন দিকে মুখ করে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধারণা কাজে লাগিয়ে পৃষ্ঠে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়াকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ, অনুমান এবং দ্রুততর করা সম্ভব হতে পারে। বিশেষ করে বড় ও জটিল অণুর ক্ষেত্রে এই ‘বিক্রিয়া- শঙ্কু’র ধারণাটি রাসায়নিক বিক্রিয়ার পথ বোঝার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

 

সূত্র: Physics World, 21 August 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =