লুপাস রোগ : রক্ষকই ভক্ষক 

লুপাস রোগ : রক্ষকই ভক্ষক 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২৬

শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করার কথা যেসব রোগপ্রতিরোধী কোষের, তারাই কখনও কখনও শরীরের সুস্থ কোষকে আক্রমণ করে বসে। রক্ষকই হয়ে ওঠে ভক্ষক। এই ধরণের সমস্যাকে বলা হয় লুপাস ডিজিস। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এই রোগে আক্রান্ত ৩৪ জনের মধ্যে ৩৩ জনের শরীরেই নিউট্রোফিল নামক রোগপ্রতিরোধী কোষে আরএনএ প্রক্রিয়াকরণের অস্বাভাবিকতা রয়েছে। কোনো সুস্থ মানুষের রক্তে এই পরিবর্তন দেখা যায়নি।

লুপাস একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে রোগপ্রতিরোধী ব্যবস্থা ভুল করে শরীরের নিজের সুস্থ কোষ ও কলাকেই আক্রমণ করে। এর সবচেয়ে পরিচিত ধরনটি হল সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE)।এই রোগে ত্বক, অস্থিসন্ধি, কিডনি, হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজি এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকেরা দেখেছেন, লুপাস রোগীদের নিউট্রোফিল কোষে আরএনএ স্প্লাইসিং নামের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ভুল হচ্ছে। সাধারণত এই প্রক্রিয়ায় জিনগত নির্দেশনার অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে বাকি অংশগুলিকে সঠিকভাবে জুড়ে প্রোটিন তৈরির উপযোগী করা হয়। কিন্তু এই প্রক্রিয়ায় ত্রুটি ঘটলে তৈরি হয় অস্বাভাবিক প্রোটিনের ক্ষুদ্র অংশ, যাকে পেপটাইড বলা হয়।

এই অস্বাভাবিক পেপটাইডগুলি শরীরের রোগপ্রতিরোধী ব্যবস্থার কাছে অপরিচিত বা বহিরাগত উপাদান হিসেবে ধরা পড়তে পারে। এগুলিকে বলা হয় ‘নিওঅ্যান্টিজেন’। গবেষকদের মতে, টি-কোষ এই অস্বাভাবিক অণুগুলিকে শনাক্ত করে সক্রিয় হয়। পাশাপাশি অ্যান্টিবডি উৎপাদনকারী বি-কোষও এই প্রতিক্রিয়ায় অংশ নেয়। ফলে শরীরের নিজের কোষের বিরুদ্ধেই রোগপ্রতিরোধী আক্রমণ শুরু হয়।

গবেষণাটির অন্যতম পরিচালক লা জোলা ইনস্টিটিউটের অধ্যাপক স্টিফেন শোয়েনবার্গারের মতে, এই আবিষ্কার অটোইমিউন রোগ সম্পর্কে দীর্ঘদিনের ধারণায় একটা বদল এনেছে। এত দিন মনে করা হতো, শরীরের নিজস্ব কোষকে আক্রমণ না করার যে স্বাভাবিক নিয়ন্ত্রণব্যবস্থা, সেটি নষ্ট হয়ে যাওয়াই অটোইমিউন রোগের অন্যতম কারণ। কিন্তু এই গবেষণা বলছে, শরীরের কোষেই তৈরি হওয়া অস্বাভাবিক অণুকে সত্যিকারের বহিরাগত শত্রু ভেবে রোগপ্রতিরোধী ব্যবস্থা স্বাভাবিক নিয়মেই আক্রমণ চালাতে পারে।

গবেষণার বিবরণটি নেচার পত্রিকায় ২৮ অক্টোবর ২০২৬-এ সবিস্তারে প্রকাশিত হয়েছে। এই গবেষণা লুপাসের রোগপ্রক্রিয়া বোঝার ক্ষেত্রে নতুন দিশা দিলেও, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। নিউট্রোফিলের এই অস্বাভাবিকতা কি রোগের সূচনা ঘটায়, নাকি রোগজনিত প্রদাহের ফলেই তৈরি হয়? সেটি জানতে আরও গবেষণা প্রয়োজন। তবে আশা রাখা যায় এই আবিষ্কার ভবিষ্যতে লুপাসের চিকিৎসার জন্য নতুন আণবিক লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে।

 

সূত্র: “T and B cells recognize splicing-derived neutrophil neoantigens in lupus” by Rayan Najjar, Xiaoxing Wang,et.al; 28th October 2026, published in Nature. DOI: 10.1038/s41586-026-11219-7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =