বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের প্রতি চারজনের মধ্যে প্রায় একজন সপ্তাহে একদিনও শারীরিকভাবে সক্রিয় থাকে না। হিসেবে এমন কিশোর-কিশোরীর সংখ্যা প্রায় ২৪ কোটি। ৪ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। হু-র সংজ্ঞা অনুযায়ী, দিনে অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে তীব্র মাত্রার শারীরিক পরিশ্রম করলে সেই দিনটিকে সক্রিয় দিন হিসেবে ধরা হয়। সমীক্ষা বলছে, মাত্র ১৪ শতাংশ কিশোর-কিশোরী সপ্তাহের সাত দিনই অন্তত এক ঘণ্টা করে শরীরচর্চা করে। বিশ্বজুড়ে গড়ে সপ্তাহে সক্রিয় থাকার দিন মাত্র ২.৭। দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় ১৪০টি দেশ ও অঞ্চলের ৩২ লক্ষেরও বেশি কিশোর-কিশোরীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। মোট ৩৮৯টি জনভিত্তিক সমীক্ষার তথ্যের ভিত্তিতে গবেষকরা দেখেছেন, গত ১৫ বছরে কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। ছেলেদের তুলনায় মেয়েরা ধারাবাহিকভাবে কম সক্রিয়। ২০২৫ সালের হিসেব অনুযায়ী, সমীক্ষার আগের সপ্তাহে একদিনও সক্রিয় ছিল না ২৮ শতাংশ কিশোরী। ছেলেদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ। প্রতিদিন অন্তত এক ঘণ্টা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে। হু-র প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, কিশোর-কিশোরীদের আরও বেশি চেষ্টা করতে বললেই সমস্যার সমাধান হবে না। বরং এমন স্কুল, রাস্তা ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে খেলাধুলো ও শরীরচর্চা নিরাপদ এবং সহজলভ্য। তাদের সতর্কবার্তা, কৈশোরে শারীরিক সক্রিয়তার এই বৈষম্য ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক জীবনেও স্বাস্থ্যগত অসাম্য বাড়াতে পারে। এর প্রভাব মেয়েদের ক্ষেত্রে আরও বেশি পড়ার আশঙ্কা রয়েছে। অদ্ভুত বিষয়, বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার হারে বড় পার্থক্য দেখা গিয়েছে। কোথাও মাত্র ৪ শতাংশ কিশোর-কিশোরী সপ্তাহে একদিনও সক্রিয় নয়, আবার কোথাও এই হার ৪০ শতাংশেরও বেশি। সার্বিয়া, কানাডা, আয়ারল্যান্ড, কাজাখস্তান ও ফিনল্যান্ডে কিশোর-কিশোরীদের সক্রিয় থাকার গড় দিন সবচেয়ে বেশি-সপ্তাহে ৪.৫ থেকে ৪.৮ দিন। অন্যদিকে, কম্বোডিয়া, ফিলিপিন্স, তিমুর-লেস্তে, ভিয়েতনাম, নেপাল, গ্যাবন, লাইবেরিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া ও জর্ডনে এই গড় মাত্র ১.৭ থেকে ১.৯ দিন। মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে থাকার ছবিও কয়েকটি দেশে স্পষ্ট। মিশর, ব্রাজিল, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ায় একদিনও সক্রিয় নয় এমন কিশোরীর হার ছেলেদের তুলনায় অন্তত ১৫ শতাংশ বেশি। আবার আলজেরিয়া, মিশর, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইজরায়েল ও লেবাননে ছেলেরা মেয়েদের তুলনায় সপ্তাহে গড়ে ১.১ থেকে ১.২ দিন বেশি সক্রিয়। ২০৩০ সালের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা ১৫ শতাংশ কমানোর যে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা পূরণের পথে নেই কোনও দেশই। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এই দশকের বাকি সময়েও কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার হারে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শরীরচর্চার সুযোগ অনেকটাই নির্ভর করে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর। স্কুলে খেলাধুলোর সুযোগ, স্থানীয় ক্রীড়া কর্মসূচি, খোলা জায়গা এবং নিরাপদে হাঁটা বা সাইকেল চালানোর রাস্তা- সবকিছুরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কিশোর-কিশোরীদের শারীরিকভাবে সক্রিয় করে তুলতে আরও কার্যকর নীতি ও বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে হু। বিশেষ গুরুত্ব দিতে হবে মেয়েদের জন্য নিরাপদ, সহজলভ্য ও আনন্দদায়ক শরীরচর্চার পরিবেশ তৈরিতে।
সূত্র : Down to Earth; November , 2026
