ঝকঝকে-চকচকে সাদা দাঁত একজন নারী কিংবা পুরুষের মুখশ্রীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সুস্থতার অলিখিত মাপকাঠি । শুধু সৌন্দর্যই নয় দাঁতের সুস্বাস্থ্যের উপরে অনেকটাই নির্ভর করে বাকি শরীরের স্বাস্থ্য। সিনেমার তারকা থেকে শুরু করে মডেল, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সবজায়গায়ই নিখুঁত সাদা দাঁতের হাসি আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচ্য। এসব দেখে অনেকেই বিশ্বাস করেন, দাঁত যত বেশি সাদা, তত বেশি স্বাস্থ্যবান এবং সুন্দর। কিন্তু দন্তচিকিৎসকরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ঠিক নয়। দাঁতের রঙ আর দাঁতের স্বাস্থ্য এক জিনিস নয়। অনেক সময় বাহ্যিক সৌন্দর্যের আড়ালে দাঁতের গুরুতর সমস্যা লুকিয়ে থাকতে পারে।
ইতিহাস সাক্ষী, আগেও মানুষ সাদা দাঁতকেই মূল্য দিয়েছে। তবে আধুনিক দন্তচিকিৎসা আসার আগে দাঁতের ক্ষয়, ব্যথা ও সংক্রমণ ছিল খুব সাধারণ ঘটনা। সেসব নিয়ে মানুষ খুব বেশি মাথাও ঘামাত না। আজকের চিকিৎসা উন্নত হলেও দাঁতের রঙ নিয়ে মানুষের উদ্বেগ কমেতোনিই, বরং দাঁত সাদা করার পণ্য ও চিকিৎসার বাজার উত্তরোত্তর বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে ,মানুষের দাঁত স্বাভাবিকভাবে সবসময় কাগজের মতো সাদা হয় না। দাঁতের রঙ ব্যক্তি ভেদে আলাদা হওয়াই স্বাভাবিক। কারও দাঁত হালকা হলদেটে, কারও ক্রিম রঙের, কারও আবার ধূসর আভাযুক্ত হতে পারে। এর পেছনে জেনেটিক কারণ, দাঁতের গঠন, এনামেলের পুরুত্ব, এমনকি জন্মের আগের কিছু শারীরিক প্রভাবেরও ভূমিকা আছে। দাঁত ঝকঝকে সাদা না মানেই সে অসুস্থ, এমন ভাবার কোনো কারণ নেই।
আবার, এই দাঁতের রঙ বদলে যাওয়ার অন্যতম কারণ হলো দৈনন্দিন অভ্যাস। চা, কফি, মাদক দ্রব্য, মশলাযুক্ত খাবার, তামাকজাত দ্রব্য ইত্যাদি দাঁতে দাগ ফেলতে পারে। দাঁতের ওপর জমে থাকা প্লাক সময়মতো পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টারে পরিণত হয়, আর দাঁতকে হলদে-বাদামি দেখায়। এই টার্টার শুধু দাঁতের সৌন্দর্যই নষ্ট করে না, এতে ব্যাকটেরিয়াও জন্ম নিয়ে মাড়ির রোগ ও দাঁতের ক্ষয় ঘটাতে পারে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দাঁত সাদা দেখালেই তা ভেতর থেকে সুস্থ, এমন নিশ্চয়তা নেই। অনেক ক্যাভিটি দাঁতের ফাঁকে বা ভেতরের অংশে শুরু হয়, যা বাইরে থেকে বোঝা যায় না। দাঁত চকচকে থাকতে পারে, কিন্তু তার ভেতরে ক্ষয় চলতেই পারে। অনেক সময় ব্যথা বা বড় ক্ষতি না হওয়া পর্যন্ত মানুষ টেরই পায় না।
আজকাল অতিআধুনিক জীবনযাত্রার আরও বড় সমস্যা হলো অতিরিক্ত সৌন্দর্যচর্চা। ধবধবে সাদা দাঁতের মোহে অনেকে এমন কিছু করেন, যা উল্টৈ ক্ষতি ডেকে আনে। খুব জোরে ব্রাশ করা, অতিরিক্ত ব্লিচিং, ঘষামাজা করা টুথপেস্ট বা চারকোলজাত পণ্য দাঁতের সুরক্ষামূলক এনামেল ক্ষয় করতে পারে। এনামেল একবার নষ্ট হলে তা আর তৈরি হয় না। তখন দাঁত ঠান্ডা-গরমে স্পর্শকাতর হয়ে যায়, দ্রুত ক্ষয়ও শুরু হতে পারে।
এখন আবার আরেকটা জনপ্রিয় প্রবণতা হয়েছে বাহ্য পালিশ। এই পদ্ধতিতে দাঁতের ওপর কৃত্রিম সাদা আবরণ বসানো হয়। কিন্তু এর জন্য প্রায়ই সুস্থ দাঁতের কিছু অংশ ঘষে ফেলতে হয়। এই চর্চা একবার করলে তা সারাজীবন রক্ষণাবেক্ষণ করতে হয়। সেদিক থেকে দেখলে এটি মোটেও সৌন্দর্যের সহজ সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদি এক দায়বদ্ধতা।
দন্তচিকিৎসকদের পরামর্শ হলো, দাঁতের রঙের আগে দাঁতের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত ব্রাশ করা, দাঁতের ফাঁকে জমা খাবারের কুচি বের করার জন্য ফ্লস ব্যবহার করা, এবং বছরে অন্তত দুবার দন্তচিকিৎসকের কাছে যেতে হবে। দাঁত সুস্থ থাকতে থাকতেই দাঁতের মর্ম দিতে হবে। মনে রাখতে হবে সাদা ঝকঝকে সুন্দর হাসি ছাড়াও জীবন চলবে কিন্তু দাঁতের স্বাস্থ্য যদি একবার বিগড়ে যায় , গোটা শারীরে পৌষ্টিক বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসবে।
সূত্র: No, white teeth don’t mean healthy teeth by Anne Ewbank, Published on April 22nd , 2026 9:01 AM EDT.
