সৌরঝড়ের উন্নত নজরদারি

সৌরঝড়ের উন্নত নজরদারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুন, ২০২৬

পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক কণার আঘাত থেকে রক্ষা করে এক অদৃশ্য চৌম্বক ঢাল, যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। বাংলায় বলতে পারি চৌম্বক মণ্ডল। এবার সেই ঢালের প্রকৃত আকৃতি ও আচরণ আরও ভালোভাবে বোঝার জন্য ইউরোপ ও চীনের যৌথ মহাকাশ মিশন SMILE (Solar wind Magnetosphere Ionosphere Link Explorer) চালু হয়েছে। ২০২৬ সালের ১৯ মে ইউরোপীয় মহাকাশ কেন্দ্র থেকে ভেগা-সি রকেটে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে।

এই মিশনের প্রধান উদ্দেশ্য হলো সূর্য থেকে আসা শক্তিশালী কণার প্রবাহ, অর্থাৎ সৌর ঝড় , কীভাবে পৃথিবীর চৌম্বকী ঢালকে আঘাত করে ও বিকৃত করে তা পর্যবেক্ষণ করা। সূর্যের এই চার্জযুক্ত কণাগুলো কখনও কখনও এত শক্তিশালী হয়ে ওঠে যে তা উপগ্রহ, রেডিও যোগাযোগ, জিপিএস ব্যবস্থা এমনকি বিদ্যুৎ গ্রিড পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন, SMILE মিশন সৌর ঝড় সম্পর্কে আগাম পূর্বাভাস আরও নির্ভুল করতে সাহায্য করবে।

এ পর্যন্ত বহু উপগ্রহ চৌম্বক মণ্ডল নিয়ে গবেষণা করেছে, কিন্তু তারা ভেতর থেকে সীমিত তথ্য সংগ্রহ করতে পেরেছে। SMILE-এর বিশেষত্ব হলো এটি অনেক দূর থেকে পুরো চৌম্বকী ঢালকে একসঙ্গে দেখতে পারবে। মহাকাশযানটিকে এমন এক দীর্ঘ উপবৃত্তাকার কক্ষপথে পাঠানো হবে, যেখানে এটি পৃথিবীর উত্তর মেরুর প্রায় ১ লাখ ২১ হাজার কিলোমিটার ওপরে পৌঁছাবে। সেখান থেকে এটি পৃথিবীর সূর্য- মুখী দিকের পুরো চৌম্বক সীমান্ত পর্যবেক্ষণ করবে।

SMILE-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হলো একটি সফট এক্স-রে ইমেজার। যখন সৌর ঝড়ের চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর উপরের বায়ুমণ্ডলের চার্জহীন পরমাণুর সঙ্গে সংঘর্ষ বাধায়, তখন এক্স-রে বিকিরণ তৈরি হয়। এই এক্স-রে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারবেন, সৌর ঝড়ের চাপে পৃথিবীর চৌম্বক ঢাল কীভাবে পরিবর্তিত হচ্ছে।

মিশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো অরোরা বা মেরুজ্যোতি পর্যবেক্ষণ। সূর্যের কণাগুলো পৃথিবীর মেরু অঞ্চলে প্রবেশ করলে আকাশে রঙিন আলোর নকশা দেখা যায়। SMILE-এর অতিবেগুনি রশ্মি শনাক্তকারী ক্যামেরা এই অদৃশ্য বিকিরণ পর্যবেক্ষণ করবে। ফলে বিজ্ঞানীরা জানতে পারবেন, কীভাবে সৌরকণা ম্যাগনেটোস্ফিয়ার ভেদ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।

এই মিশন শুধু বৈজ্ঞানিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) ও চীনের বিজ্ঞান একাডেমি (CAS) যৌথভাবে এটি পরিচালনা করছে। বিজ্ঞানীরা মনে করছেন, SMILE ভবিষ্যতে মহাকাশ আবহাওয়া গবেষণায় নতুন দিশা দেখাতে পারবে।

 

সূত্র: Chinese-European mission to reveal shape of Earth’s magnetic shield, SMILE orbiter will use x-rays to map how the solar wind batters the magnetosphere,15 May 202610:00 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =