মানুষের জিনে আজও বেঁচে রয়েছে প্রাচীন নিয়ান্ডারথালদের উত্তরাধিকার। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা এমনই একটি জিনগত বৈশিষ্ট্যের সন্ধান পেয়েছেন, যা আধুনিক মানুষের মস্তিষ্কের গঠনে প্রভাব ফেলছে। শুধু তাই নয়, এই জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে স্কিজোফ্রেনিয়ার ঝুঁকি কমারও সম্পর্ক রয়েছে। ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর প্রসিডিংস-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া ডিএনএ-র একটি বিশেষ অংশ DAAM1 জিনের কাছাকাছি অবস্থিত। এই জিনগত অংশের প্রভাবে আধুনিক মানুষের মস্তিষ্কের পিছনের দিকে অবস্থিত অক্সিপিটাল লোবের আয়তন প্রতি জিন কপিতে গড়ে প্রায় ০.৮৫ ঘন সেন্টিমিটার করে কমে যায়। যাঁদের শরীরে এই জিনগত বৈশিষ্ট্যের দুটি কপি রয়েছে, তাঁদের ক্ষেত্রে আয়তন কমার পরিমাণ প্রায় ১.৭ ঘন সেন্টিমিটার। অক্সিপিটাল লোব মূলত চোখ থেকে আসা দৃশ্যসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে। দৃষ্টিশক্তি ছাড়াও দৃশ্যগত মনোযোগ, কল্পনায় ছবি তৈরি এবং পড়া প্রভৃতি কাজেও এই মস্তিষ্কের অংশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই জিনগত বৈশিষ্ট্য নিয়ান্ডারথালদের থেকেই আধুনিক মানুষের মধ্যে এসেছে। পাঁচটি নিয়ান্ডারথাল জীবাশ্মের জিনোম বিশ্লেষণ করে এর উপস্থিতি মিলেছে। অন্যদিকে, পরীক্ষিত দুটি ডেনিসোভান জিনোমে কিন্তু এই বৈশিষ্ট্য পাওয়া যায়নি। আধুনিক মানুষের মধ্যে এটি মূলত আফ্রিকার বাইরের জনগোষ্ঠীতে দেখা যায়। তাছাড়া এই জিনগত বৈশিষ্ট্য স্কিজোফ্রেনিয়ার ঝুঁকি কমানোর সঙ্গে যুক্ত। যাঁদের শরীরে এর দুটি কপি রয়েছে, তাঁদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার ঝুঁকি প্রায় ১০ শতাংশ কম। তবে বাইপোলার ডিসঅর্ডার, অবসাদ, অটিজম বা ADHD-র সঙ্গে এর কোনও উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু মস্তিষ্কের গঠনে পরিবর্তন ঘটলেও বুদ্ধিমত্তার উপর এর তেমন কোনও প্রভাব নেই। গবেষণায় সাধারণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সঙ্গে এই জিনগত বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য সম্পর্কের প্রমাণ মেলেনি। পড়াশোনার সময়কালের উপর প্রভাবও অত্যন্ত সামান্য – প্রতি জিন কপিতে সর্বোচ্চ প্রায় ১৩ দিন কম শিক্ষালাভের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কীভাবে এই পরিবর্তন ঘটছে, তারও একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, DAAM1 জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই জিনগত অংশ মস্তিষ্কের প্রাথমিক বিকাশ এবং কর্টেক্সের গঠনকে প্রভাবিত করতে পারে। তবে ঠিক কোন ডিএনএ পরিবর্তনটি এর জন্য দায়ী, তা এখনও নিশ্চিত নয়। গবেষকদের বক্তব্য, নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া এই জিনগত বৈশিষ্ট্যের প্রভাব নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। সামগ্রিক নিয়ান্ডারথাল বংশগতির সঙ্গে স্কিজোফ্রেনিয়ার ঝুঁকি কমার কোনও সাধারণ সম্পর্ক পাওয়া যায়নি। সব মিলিয়ে, গবেষণাটি মস্তিষ্কের গঠন ও বুদ্ধিমত্তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মস্তিষ্কের কোনও নির্দিষ্ট অংশের আয়তন কমলেই যে মানুষের বুদ্ধিমত্তা কমবে, এমন ধারণার পক্ষে প্রমাণ নেই। বরং প্রাচীন মানুষের জিনগত উত্তরাধিকার আধুনিক মানুষের মস্তিষ্কের গঠন ও কিছু মানসিক রোগের ঝুঁকিতে কিভাবে প্রভাব ফেলতে পারে, তারই নতুন দিশা দেখাচ্ছে এই গবেষণা।
সূত্র: PNAS ; Nov; 2026
