স্থানকালের সাপেক্ষে আলোর আচরণ বদল 

স্থানকালের সাপেক্ষে আলোর আচরণ বদল 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ নভেম্বর, ২০২৬

 

আলোর গতিপথ বদলাতে আয়না বা বিশেষ নকশার উপাদান প্রয়োজন হয়, এটাই তো ছিল এত দিন পদার্থবিদ্যার পরিচিত ধারণা। কিন্তু কোনও পদার্থের বৈশিষ্ট্য যদি নির্দিষ্ট সময়ে হঠাৎ বদলে দেওয়া যায়, তা হলে আয়না ছাড়াই আলোর প্রতিফলন ঘটানো কিংবা তার কম্পাঙ্ক পরিবর্তন করা সম্ভব। আলোর আচরণ নিয়ন্ত্রণের এই অভিনব পদ্ধতি নিয়েই কাজ করছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন শাখার গবেষক ইমানুয়েল গালিফি। তাঁর গবেষণার ক্ষেত্র ‘স্পেশিওটেম্পোরাল ফোটোনিক্স’, যেখানে পদার্থের স্থানিক গঠনের পাশাপাশি সময়ের পরিবর্তনকেও কাজে লাগানো হয়।
প্রচলিত ন্যানোফোটোনিক্সে অতি ক্ষুদ্র কাঠামো তৈরি করে আলোর গতিপথ ও আচরণ নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু স্পেশিওটেম্পোরাল ফোটোনিক্সে পদ্ধতিটি কিছুটা আলাদা। এখানে কোনো মাধ্যমের তড়িৎচৌম্বকীয় বৈশিষ্ট্য দ্রুত পরিবর্তন করে আলোকতরঙ্গের শক্তি ও কম্পাঙ্ক বদলে দেওয়া যায়। অর্থাৎ, আলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোথায় পদার্থের বৈশিষ্ট্য বদলাচ্ছে, শুধু তা নয়, কখন বদলাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
এই ধারণার সবচেয়ে তাৎপর্যপূর্ন উদাহরণ হল ‘টাইম রিফ্লেকশন’বা কালিক প্রতিফলন। সাধারণত আলো আয়নায় পড়ে ফিরে আসে। কিন্তু কালিক প্রতিফলনে আদৌ কোনও আয়না বা ভৌত পৃষ্ঠের প্রয়োজন হয় না। আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলেছে, তার বৈশিষ্ট্য হঠাৎ বদলে দিলেই আলোকতরঙ্গের একটি অংশ নতুন তরঙ্গে রূপান্তরিত হয়। এর ফলে তরঙ্গের কম্পাঙ্কও বদলে যায়। এরকম কিছু যে ঘটা সম্ভব , সেটা বেশ কয়েক দশক আগে তাত্ত্বিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় দ্রুততায় পদার্থের বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব না হওয়ায় পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যাচ্ছিল না। ২০২৩ সালে গালিফি ও তাঁর সহযোগীরা প্রথমবার পরীক্ষাগারে এই ঘটনা প্রদর্শন করেন। তাঁদের গবেষণার বিবরণটি প্রকাশিত হয় নেচার ফিজিক্স পত্রিকায়।
আলো নিয়ন্ত্রণে এই পদ্ধতির আরও একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো দুটি আলোকস্পন্দের মধ্যে মিথস্ক্রিয়া তৈরি করা। গবেষকেরা দেখিয়েছেন, সময়ের সঙ্গে মাধ্যমের বৈশিষ্ট্য পরিবর্তন করে একটি আলোকস্পন্দনের সাহায্যে অন্যটির কম্পনচক্র বদলানো, এমনকি নির্দিষ্ট অংশ মুছেও দেওয়া সম্ভব। এর ফলে অত্যন্ত দ্রুতগতির অপটিক্যাল গেট তৈরি এবং আলোর মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণের নতুন সুযোগ তৈরি হয়।
ভবিষ্যতে এই প্রযুক্তি টেলিযোগাযোগে সংকেত নিয়ন্ত্রণ, লেজারের সুরক্ষা এবং কোয়ান্টাম আলোকপ্রযুক্তির বিকাশেও অবদান রাখবে। বর্তমানে গবেষকদের লক্ষ্য, আলোর একটি পূর্ণ কম্পনচক্রের চেয়েও কম সময়ের মধ্যে তার বৈশিষ্ট্য পরিবর্তন করা। উদ্দেশ্য সফল হলে আলো নিয়ন্ত্রণের প্রচলিত ধারণাতেই বড় পরিবর্তন আসবে।
সুত্র: Emanuele Galiffi: Controlling light by changing materials in time, Advanced science news,16th November 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =