৫৫ কোটি বছর আগেই ‘ডানহাতি’ ! 

৫৫ কোটি বছর আগেই ‘ডানহাতি’ ! 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জুলাই, ২০২৬

মানুষের মতো ডানহাতি বা বাঁহাতি হওয়ার বৈশিষ্ট্য কি যা অনুমান করা গিয়েছিল তার অনেক আগে থেকেই প্রাণীজগতে ছিল? এর সূচনা হয়তো অন্তত ৫৫ কোটি বছর আগে থেকেই। এডিয়াকারান যুগের প্রাণী স্প্রিজিনা ফ্লাউন্ডার্সি-র জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন এক আচরণের ইঙ্গিত পেয়েছেন, যার সঙ্গে আধুনিক প্রাণীদের ডানহাতি বাঁ হাতি বৈশিষ্ট্যর মিল রয়েছে। প্রায় ৬৩৫ থেকে ৫৩৫ মিলিয়ন বছর আগে এডিয়াকারান যুগে পৃথিবীতে প্রথম বড় আকারের বহুকোষী জীবের আবির্ভাব ঘটে। সেই সময়ের অন্যতম পরিচিত প্রাণী ছিল মাত্র দুই ইঞ্চি লম্বা স্প্রিজিনা। এর শরীর ছিল খণ্ডিত, দুই পাশে সমান এবং শরীর বাঁকিয়ে এটি চলাফেরা করত। দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া অসংখ্য স্প্রিজিনার জীবাশ্ম পরীক্ষা করে গবেষকেরা দেখেন, জীবাশ্মের মধ্যে প্রাণীটি প্রায় দ্বিগুণ বাঁদিকে কুঁকড়ে রয়েছে। জীবাশ্মে প্রাণীর বিপরীত প্রতিবিম্ব সংরক্ষিত হয়। ফলে বিজ্ঞানীদের মতে, জীবিত অবস্থায় স্প্রিজিনা সম্ভবত ডানদিকে শরীর বাঁকাত। অর্থাৎ এটি ছিল ‘ডানমুখী’। আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জীবাশ্মবিদ স্কট ইভানস বলেন, হাত-পা না থাকলেও এই প্রাণীর মধ্যে নিজস্ব ধরনের ডানহাতি বাঁ হাতি বৈশিষ্ট্য থাকতে পারে। গবেষকদের মতে, আধুনিক প্রাণীদের মধ্যে ডান বা বাঁ দিক ব্যবহারের প্রবণতা সাধারণত অপেক্ষাকৃত জটিল স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তাই স্প্রিজিনার ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য থাকলে, এডিয়াকারান যুগের প্রাণীদের স্নায়ুতন্ত্র আগে যা ধারণা করা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি উন্নত বলে মনে করা যায়। এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে, প্রাণীদের শরীরের ডান-বাঁ মুখী ব্যবহার এবং জটিল স্নায়ুতন্ত্রের বিবর্তন পৃথিবীতে শুরু হয়েছিল আমরা যা ভেবেছিলাম তার অনেক আগে।

 

সূত্র: Nautilus; July; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =